আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নারী প্রার্থী না থাকা প্রসঙ্গে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আমাদের যে ঐকমত্য কমিশন হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে, সেখানে নারীদের সরাসরি ইলেকশনে দেওয়ার বিষয়টি আসছিল। সেখানে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নারীদের রাখার একটা সিদ্ধান্ত আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারীদের ডাইরেক্ট ইলেকশনে দিতে এগ্রি করেছি এবং আমরা এটা দিতে বাধ্য থাকব।’

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশি নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে?’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলবো, ফরেন পলিসি কী হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কী হবে সেগুলো উপস্থাপন করছি। পাশাপাশি এদেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, বিদেশি বিনিয়োগ কীভাবে এখানে বেশি করে নিয়ে আসবো এবং দেশ-বিদেশে যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে এসব বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি।’

অনলাইনে নির্বাচনে প্রচারণার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘অনলাইন তো একটা নতুন কৌশল, যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু অ্যালাও করে আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে, ওয়ান টু ওয়ান কন্টাক্টে যাব। এজন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছি।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version