আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় এক বছর পর ফিরেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তারের আগ্রাসী ব্যাটিংয়ে এবং নাহিদা আক্তার ও রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই নেপালে চলমান উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুভসূচনা করল নিগার সুলতানার দল।
রোববার (১৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫৯ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহ হিসেবে তাদের তৃতীয় সর্বোচ্চ। ইনিংসের মূল নায়ক শারমিন আক্তার। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এটি টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান।
বাংলাদেশের উদ্বোধনী জুটি তিন ওভারে যোগ করে ২৬ রান। চারটি চারে ৮ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। আন্তর্জাতিক অভিষেকে জুয়ায়রিয়া ফেরদৌস করেন ২৩ বলে ১৭ রান।মাত্র ৫ বলে অধিনায়ক নিগার সুলতানা ফেরেন ২ রান করে। যুক্তরাষ্ট্রের মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলা চেপে ধরলে ১০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান দাঁড়ায় ৬৮।
শারমিন ও সোবহানা মোস্তারি চতুর্থ উইকেটে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা। শারমিন ফিফটি পূর্ণ করেন ৩২ বলে। শেষ দিকে স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ ৭ ওভারে ৭৭ রান যোগ করে বাংলাদেশ।
১৫৯ রানের লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রও লড়াই জমিয়ে তোলে। উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। লেগ স্পিনার রাবেয়া খানের বলে দিশা ধিংরা (২৩) বোল্ড হলে ভাঙে জুটি। এরপর অভিজ্ঞ রিতু মনি দুই ওভারের মধ্যে তুলে নেন তিন উইকেট, যার মধ্যে ছিল ৩৬ রান করা চেতনা পাগিডিয়ালার উইকেট।
ম্যাচের নিয়ন্ত্রণ ততক্ষণে পুরোপুরি বাংলাদেশের হাতে নিয়ে নেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই শিকারে নেন তিন উইকেট। সাতে নেমে ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলা রিতু সিংকেও থামান নাহিদা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র।
নাহিদা আক্তার ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন—আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় চার উইকেট শিকার। রিতু মনি নেন তিন উইকেট।
‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
সকাল নিউজ/এসএফ


