পবিত্র রমজান মাস ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলা একাডেমির ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে। আর তা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
এরই মধ্যে এবারের বইমেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টলের জন্য আবেদন করতে পারবে। গতকাল শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় অংশগ্রহণে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করা যাবে www.ba21bookfair.com ওয়েবসাইটে।
২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী এবং পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে সম্মানী প্রদানের সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ/প্রত্যয়নপত্র এবং অগ্নি-সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে।
নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যারা পূর্বের আকার থেকে বর্ধিত স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা বাংলা একাডেমি থেকে তথ্যফরম বা আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে আবেদন জমা দিতে পারবে। এ ক্ষেত্রে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বইসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এই আবেদনপত্র ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (ছুটির দিনসহ) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনা কক্ষে জমা দেওয়া যাবে।
অনলাইনে আবেদন করতে অপারগ প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনে ও সরাসরি প্রাপ্ত সব আবেদন যাচাই-বাছাই শেষে ৩১ জানুয়ারি স্টল বরাদ্দের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে।
বরাদ্দপ্রাপ্ত স্টলের ভাড়া ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকে জমা দিয়ে জমার রসিদ অনলাইনে আপলোড করতে হবে। একই সঙ্গে ১ কপি রসিদ প্রতিষ্ঠানের নামসহ ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনা কক্ষে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে থাকবে।
ভাড়া বাবদ অর্থ অগ্রণী ব্যাংক পিএলসি-এর যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। রসিদে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে।
অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর নির্ধারিত নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে হবে। নীতিমালা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সকাল নিউজ/এসএফ


