ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি। ওমর বিন হাদি যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ পেলেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন বলা হয়, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
বর্তমানে এই মিশনে দ্বিতীয় সচিব পদ নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের ভাষ্য, পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয়, তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায়।
সকাল নিউজ/এসএফ


