ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করেই ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

এ প্রসঙ্গে সচিব বলেন, ‘ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, যে, ‘উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না।’ দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে।

এমন বিতর্কের মুখে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকা এবং ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে সচিব বলেন, ‘আমরা ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠাচ্ছি। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল। অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো, যেখান থেকে প্রবাসীরা তাদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দিত হয়ে ভিডিও করেছেন, তবে ভিডিওটি করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version