জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক পিআরের (জন যোগাযোগ) অভিযোগ আনলেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’-শ্রমজীবীদের দারিদ্র্যতাকে পুঁজি করে এমন বার্তা ছড়িয়ে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে জামায়াত।

হামিম জানান, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বেশ জনপ্রিয়। কিন্তু সেখানে এক ভ্যানচালককে জামায়াতের প্রার্থী না চিনলেও তাদেরই ভোট দেওয়ার কথা বলতে শোনেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি উল্লেখ করে ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের এই আহ্বায়ক বলেন, ‘কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম, তখন আমি দেখেছি, ভ্যানে ঘুরছিলাম, তখন ভ্যানওয়ালা আমাকে বলছে, ‘সবাইকেই তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব’। আমি তো খুবই অবাক হলাম, যে একজন ভ্যানচালক…! আজিজুল বারী হেলাল তো এই এলাকায় অনেক জনপ্রিয়। জামায়াতের যে প্রার্থী তার নাম জিজ্ঞেস করেছি, ভ্যানওয়ালা তার নামও বলতে পারছে না; বলছেন, ‘প্রার্থী কে তা জানি না, জামায়াতকে একটু দেবানে’। আমার একটা ব্রেইনস্টর্মিং হলো, এ রকম কেন বলছে? বিভিন্ন জায়গায় এমন শোনা যাচ্ছে, বিভিন্ন চায়ের আড্ডায়।’

তবে বিষয়টা আরও পরিষ্কার হয় তিনি ঢাকায় আসার পরে। রাজধানীতে এক রিকশাওয়ালা তাকে এই অভিনব প্রতারণার গোপন রহস্য জানিয়েছেন। হামিমের ভাষ্য, ‘পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন খুলনার কয়রার মানুষ আছে যে এখানে রিকশা চালায়, সে আগে এলাকায় বিএনপি করত, পরে সে চলে আসে, তার সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন। সে আমাকে ৩ দিন আগে ফোন দিয়ে বলল, ভাই একটু দেখা করতাম। বললাম ক্যাম্পাসে আসেন।’

‘সে (রিকশাওয়ালা) বলল, ‘ভাই একটা কাহিনি হইসে, আজকে একজন আমার রিকশায় উঠসে সে আমাকে বলছে যে, এই তুই কয় টাকা ইনকাম করিস? আমি বললাম ভাই আমি তো হাজার বারোশ টাকা ইনকাম করি। বলতেছে তোর রিকশার ভাড়া কত? আমি বললাম ৫০০ টাকা। তিনি বললেন, আমি তোকে আরও ৫০০ টাকা দিব, তোর কাজ হবে রিকশায় যারা ওঠে তাদের তুই বলবি সবাইকেই তো একবার দেখসি এবার একটু জামায়াতকে দেখব। দেখেন এইটা সংঘবদ্ধ ইনটেনশনাল প্রচার, এইটা আমি এতদিন বুঝতে পারিনি।’

এই প্রচারণার বিষয়টি আবার ছদ্মবেশে পরীক্ষাও করা হয় বলে জানান হামিম। তিনি বলেন, ‘ওই রিকশাওয়ালাকে আবার কি বলছে শোনেন, এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের অনেকে উঠবে, তুমি আসলেই বলছ কিনা, সেটা পরীক্ষা করবে। তুমি রাত্রে টাকাটা নিয়ে যাবা।’

নিম্ন আয়ের মানুষদের দারিদ্র্যকে পুঁজি করে এভাবে প্রচারণা চালানোকে ‘প্রতারণা’ বলে আখ্যা দেন তিনি। হামিম জানান, ‘তখন আমার মাথায় এলো যে, বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের এই দারিদ্র্যের একটা অংশকে পুঁজি করে জামায়াত এভাবে সংঘবদ্ধ প্রচার চালাচ্ছে, প্রতারণা করছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version