যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সুরেই কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ‘ইন্ডিয়া ইস্যুতে আমি বলতে চাই, আসিফ নজরুল যেটা বলেছেন- আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। আমি এটা এভাবে দেখি, একজন ক্রিকেটার সে একটা সীমিত সময় সেখানে যাবে-খেলবে আবার চলে আসবে। তার নিরাপত্তা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে দেখুন আমাদের টিম যাবে (বিশ্বকাপে), শুধু টিম না সমর্থকরাও যাবে। খেলা দেখতে যাবে, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে।’
তিনি বলেন, ‘আমরা কি করে বিশ্বাস করবো, তারা নিরাপদে থাকবে। দুই হচ্ছে হিদুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চালাচ্ছে, সেটার প্রেক্ষিতে সত্যিকার অর্থেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর নিরাপত্তা দেওয়া কঠিন। সে হিসেবে আমরা খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো-যেখানে এই সমস্যা হবে না।’
এর আগে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে অবহিত করে বাংলাদেশ।
এ সংক্রান্ত উদ্বেগের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানালে, জবাবে বিষয়টি সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আইসিসি।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে। গতকাল এমনটিই জানিয়েছিলেন আসিফ নজরুল। তিনি আশাবাদ প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান ও যুক্তি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে সক্ষম হবে।
সকাল নিউজ/এসএফ


