ভোট গণনা ও ফলাফল প্রকাশের তীব্র স্নায়ুচাপ পেরিয়ে অবশেষে শেষ হাসিটা হাসলো ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
প্রাপ্ত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ নির্বাচনে দু’জনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭।
অন্যদিকে, এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এই পদেও নিজের জয় নিশ্চিত করেছেন শিবির সমর্থিত মাসুদ রানা।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।
সকাল নিউজ/এসএফ

