দুর্বৃত্তের গুলিতে রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে আজিজুর রহমান মোসাব্বির (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গুলিবিদ্ধ সুফিয়ানকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টার হোটেলের পাশের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে।’
এ ঘটনার পর রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষুব্ধ কিছু মানুষ অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল নিউজ/এসএফ

