উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেটকে ছাপিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কই এখন রাজনৈতিক বৈরিতার দিকে মোড় নিয়েছে।
এমন পরিস্থিতিতে এবার পিএসএলে খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের সামনে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। পিএসএলের পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’
এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
সকাল নিউজ/এসএফ

