মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘একই সাথে মা জীবিত থাকাকালে তাঁর কোন ব্যবহারে এবং কোন কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন আল্লাহ তা’আলা যাতে উনাকে বেহেশত নসিব করেন।’
এরপর লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা।
এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
সকাল নিউজ/এসএফ

