জরুরি ভিত্তিতে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। প্রতিবেশী এ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে জরুরি বার্তা পেয়ে সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই দেশে এসেছেন রিয়াজ হামিদুল্লাহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পাওয়ার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশে ফেরার প্রস্তুতি নিয়ে সোমবার রাতেই ঢাকায় পৌঁছান।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে।
বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসা সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এরই মধ্যে ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে।
সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের আর গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন।
এরপর গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এই পরিস্থিতিতে দিল্লি থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়।
সকাল নিউজ/এসএফ


