বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত রাজধানীর গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি। এখানেই উঠবেন দলটির এ শীর্ষ নেতা।
বাহ্যিকভাবে সাধারণ হলেও চারপাশের নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে—এখানেই প্রতীক্ষা জমে আছে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসছেন এই ঠিকানায়।
তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
দলীয় নেতাদের ভাষায়, এটি কেবল একজন নেতার দেশে ফেরা নয়, এটি একটি সময়ের অবসান। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে ছুটে যাবেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। এরপর যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। ১৯৬ নম্বর বাড়িটি কেবল একটি আবাস নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের অংশ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়।
বছরের পর বছর বহু উত্থান-পতনের সাক্ষী হয়েছে এই বাড়ি। রাতের বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবই যেন দেওয়ালের ভেতরে জমে আছে। কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা দলিল হস্তান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনের কাছে।
সকাল নিউজ/এসএফ


