ভারতীয় হাই কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের মার্চের ডাক দেওয়ার মধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘নিরাপত্তার কারণে’ বুধবার দুপুর ২টা থেকে দিনের কার্যক্রম বন্ধের কথা বলা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপনাদের নজরে আনা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার আইভ্যাক আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ করা হবে। আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে, তাদেরকে পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে।”
‘শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে’ বুধবার বিকালে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠনের। বুধবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা আগেরদিন মঙ্গলবার জানিয়েছিলেন আয়োজকরা।
এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
সকাল নিউজ/এসএফ


