দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতরুজ্জামান নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। জাতীয় রাজনৈতিক অঙ্গন ছাড়াও এ নিয়ে তার নিজ জেলা কিশোরগঞ্জের সর্বস্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আখতারুজ্জামানের বাড়ি জেলার কটিয়াদীতে। কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার জামায়াতে যোগদানের খবর ছড়িয়ে পড়ে। ফুল হাতে জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জামায়াতে যোগদানের বিষয়টি মুঠোফোনে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মেজর (অব.) আখতারুজ্জামান। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত কিছু বলা সম্ভব নয়। আপনাদের নিয়ে বসব। খোলামেলা কথা বলব।’

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে গিয়ে দলের আমির শফিকুর রহমানের কাছে ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন আখতারুজ্জামান। জামায়াতের বিজ্ঞপ্তিতে আখতারুজ্জামানের বিষয়ে বলা হয়, ‘দলের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা রেখে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জামায়াতের কটিয়াদী উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ‘সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের কিছুই জানানো হয়নি। তবে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর যোগ দেওয়ার বিষয়টি প্রচার করা হয়েছে। আগে লিখিতভাবে অবহিত হই। তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের আমিরের সঙ্গে ফুল হাতে আখতারুজ্জামানের একটি ছবি ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়ায় আলোচনার জন্ম দেয়। প্রথমে ছবিটি নিয়ে সন্দেহ তৈরি হলেও পরে সবাই বিশ্বাস করেন। কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও অনেকে সমালোচনা করেছেন।

কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘এই লোকের (আখতারুজ্জামান) রাজনৈতিক ক্যারিয়ার অনেক আগেই শেষ। এখন নতুন করে কোথাও যোগ দিয়ে কতটা সুবিধা করতে পারেন, সময় বলে দেবে।’

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘আখতারুজ্জামান একরোখা স্বভাবের মানুষ। মুখে কিছু আটকায় না। প্রতিবারই টক শোতে দলের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রের রোষানলে পড়েছেন। বিএনপি থেকে এক-দুবার নয়, পাঁচবার বহিষ্কার করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় পরিচয়ে আখতারুজ্জামান আবার বিএনপিতে ফিরতে চেয়েছেন। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি তুলেছেন। এবারের নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণাও দেন। দুই সপ্তাহ আগে তার অনুগতরা সভা করে তাকে দলে ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন। এর মধ্যে আজ তিনি জামায়াতে যোগ দিলেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version