দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুইজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের অন্য দুইটি দাবি হলো- কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।
সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছেন না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে অনেক গাড়িচালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
আসিফুর রহমান নামে একজন আন্দোলনকারী বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এতো কিছু হয়ে গেল। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি।’
তিনি বলেন, ‘তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। আর ভিপিকে ১০বারের বেশি কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি এখনো আমাদের কল রিসিভ করেননি এবং যোগাযোগও করেননি। এরকম অসহযোগিতার জন্য আমরা ভিপির প্রতি নিন্দা জানাচ্ছি।’
সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’
সকাল নিউজ/এসএফ

