অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা বিএনপির প্রতি ঝুঁকে রয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল। এই উপদেষ্টারা সরকারকে ভুল পথে পরিচালিত করছেন জানিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে দলগুলো।
শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে, তাদের অপসারণ দাবি করছি। প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেবো, এরপরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ্যে আনার বিষয়টি বিবেচনা করব’।
আগের দিন জারি করা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরতে আয়োজন করা সংবাদ সম্মেলন থেকে তিন উপদেষ্টার অপসারণসহ তিন দাবি জানায় আট দল। তারা পূণরায় দাবি জানায়, একদিনেই নয়, নির্বাচনের আগে গণভোট করতে হবে। দলগুলোর আরেকটি দাবি হল, নির্বাচনকালীন সময়ে প্রশাসনে দল নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহ তাহের বলেন, ‘বিচার, সংস্কার, নির্বাচনের ওয়াদা করেছিল অন্তর্বর্তী সরকার। জাতি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার এবং নির্বাচন চেয়েছিল। হঠাৎ করে একটি দল সংস্কারের প্রশ্নে দ্বিমত পোষণ করেছে। শুরু থেকেই দলটি সংস্কার চায়নি।’
সরকার বিএনপির সঙ্গে আঁতাত করে সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে অভিযোগ করে আবদুল্লাহ তাহের বলেন, ‘জনগণের স্বার্থ বাদ দিয়ে একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে আদেশ জারি করা হয়েছে। আদেশের মাধ্যমে সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। কিন্তু কমিশনের সনদ যেভাবে হুবহু আছে তা আদেশে থাকা উচিত ছিল। তারপরও আদেশকে গ্রহণ করছি।’
তিনি বলেন, ‘পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন হবে কিনা এ আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের আচরণে এ অবস্থা তৈরি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকার মনোযোগী নয়। বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি দলের পক্ষে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা হচ্ছে। প্রশাসনে যারা সৎ তাদের ট্যাগ দিয়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এভাবে চললে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি থাকবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার চৌধুরী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুহাম্মাদ ইউসুফ সাদিক হাক্বানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।
সকাল নিউজ/এসএফ


