অবৈধভাবে রাসায়নিক সার বিক্রয়ের সময় লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে ৩৬০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত আইন লঙ্ঘন করে বরাদ্দের বাইরে লালমনিরহাট থেকে সার কিনে এনে খুচরা বিক্রি করায় ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বাইপাস মোড়, করিম ট্রেডার্সের পাশে পৌর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সহায়তায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার, মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক আহম্মেদ লালমনিরহাটের মহেন্দ্রনগর সরকারি গোডাউন থেকে একটি ট্রাকে ইউরিয়া, ডিএপি ও পটাশসহ ৭০০ বস্তা সার কিনে আনেন।

এ সময় ওই স্থানে আনলোড করে বিভিন্ন ইউনিয়নের ভ্যান গাড়িতে বিক্রি করতে থাকেন। বিষয়টি জেনে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল উপজেলা প্রশাসনকে জানান। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় উপজেলা প্রশাসন ট্রাকটি আটক করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এ বিষয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘করিম ট্রেডার্সের সামনে সারের একটি ট্রাক খালাস (আনলোড) করা হচ্ছে ও ভ্যানে বিভিন্ন ইউনিয়নের খুচরা দোকানদারদের নিকট বিক্রি করা হচ্ছে- আমরা এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওকে জানাই। উনারা এসে কোনো বৈধতা না পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা এবং সার গুলো জব্দ করেন। ডিলাররা যেন কৃষকদেরকে কষ্ট না দেয় ও কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায় এ ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘অবৈধভাবে সার এনে মজুদ ও খুচরা বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার গুলো জব্দ করা হয়েছে। পরে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্য মূলে বিক্রি করা হবে। সারের কৃত্রিম সংকট নিরসনে এ ধরনের অভিযান চলবে।’

সকাল নিউজ/এসএফ

 

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version