সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কাল বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’ এরপর ১৫ তারিখ অধিবেশন হয়ে বিরতি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনসহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি। সেই প্রস্তাব আপাতত নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে জামায়াত।
আজ সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা।
সকাল নিউজ/এসএফ

