জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আসামি শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন। সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।’
প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসএর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে।
সকাল নিউজ/এসএফ



