অবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার কিছু পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা।
যদিও সংবিধান সংস্কার ইস্যুতে জামায়াতের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে।
এসময় জামায়াত জোটের এমপিদের সঙ্গে শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির বিদ্রোহী সাতজন সংসদ সদস্য। তাদের সঙ্গে শপথ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি যথাসময়ে এসে পৌঁছতে না পারায় বিএনপির এমপিদের সঙ্গে শপথ নিতে পারেননি। একই সঙ্গে শপথ নেন ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত একমাত্র এমপি মো. ওয়ালীউল্লাহও।
এর আগে সকালে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। ফলে জামায়াতের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
পরে কৌশল ঠিক করতে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। তবে শেষ পর্যন্ত এনসিপি শপথ নেয়নি বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ আসনে বিজয়ী হয়।
সকাল নিউজ/এসএফ

