সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তখন ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।

সম্প্রতি টেলিভিশন টকশোতে নানা বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রোববার (১৩ নভেম্বর) রাতে তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর (১৪ ডিসেম্বর) রোববার সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান। তবে জিমে তিনি পুলিশের কাউকে দেখেননি।

একই রাতে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযুক্ত অপর দুজন হলেন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে নানাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version