নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
জানা গেছে, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন।
পরে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে তাঁকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছানোর পরই মন্ত্রীকে ঢাকায় স্থানান্তর করা হবে।

