ব্রিকফিল্ড মালিকরা আমার সাথে জিহাদ ঘোষণা করছে, আমি এখন জিহাদ কালীন অবস্থায় আছি বলে মন্তব্য করেছেন এমপি হাসনাত আব্দুল্লাহ।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দেবীদ্বার পাবলিকিয়ানদের পূনর্মিলনী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, আমি মাটিকাটা বন্ধ করেছি, ওরা রাতের বেলা চুরি চুরি করে কাটে। এখানে আনফরচুনেট রাজনৈতিক সহযোগিতা আছে, ভেরি আনফরচুনেট। অপরাধ কার্যক্রম গুলো সারা বাংলাদেশে রাজনৈতিক প্রশ্রয় হয়ে থাকে। আমি বন্ধ করার পর কিছুদিন তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, রাজনৈতিক সহযোগিতায় এখন আবার রাতে কাটতে যায়- যদিও মেসিভ আকারে কাটতে পারে না। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, রাস্তাগুলো ঠিক করতে পারি তাহলে বনায়নের মাধ্যমে আমরা দেবীদ্বারকে একটি সুন্দর ও বাসযোগ্য দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে পারব।
এসময় হাসনাত আব্দুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে মন্তব্য করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে প্রভাব খাটাতে যায়। ফরম ফিলাপে ফেল করছে, দেখা গেছে কোন এক পার্টির সভাপতি গিয়ে রিকুয়েস্ট করছে আমি আসছি আপনি নিবেন না কেন। ব্যাডার চাকরি বাঁচাইতে রেজিস্ট্রেশন করতে দিতে বাধ্য হয়। অথবা স্কুলে আসে না- জরিমানা বসাইছে, দেখা গেছে এনসিপির সভাপতি, জামায়াতের সভাপতি, বিএনপির সভাপতি কিংবা কোন এক রাজনৈতিক দলের সভাপতি নিয়া স্কুলে গেছে- বলে সে তো অমুক নেতার ছেলে আপনি জরিমানা কেন নিছেন?
টিচাররা তো এখানে অসহায়, সেজন্য যার প্রতিষ্ঠান তার ওপর ছেড়ে দিতে হবে। সভাপতি মুক্ত, সহ-সভাপতি মুক্ত, সেক্রেটারি মুক্ত ও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করতে হবে। তাহলে শিক্ষার গুণগত মানের উন্নয়ন ঘটবে, সে ক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
সকাল নিউজ/এমএম


