কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। প্রতিদিন মসজিদ এলাকায় এই নিলাম হয়। তবে দামী জিনিস কম মূল্য দেখিয়ে অসাধু চক্র মালামাল হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (০৫মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।
এই ঘটনার বিচার চেয়ে এবং জাড়িত সিন্ডিকেটের সকল সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলার সাংবাদিক সমাজ। আজ শুক্রবার (০৬ মার্চ) দুপুরে শহরের মুক্ত মঞ্চে সাংবাদিক সমাজের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে৷ বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সকল অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।
এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।
অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সকাল নিউজ/এসএফ


