বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ‘NSB ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০২ মার্চ) বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৫(১) ও ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘পাহাড়ের পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
সকাল নিউজ/এসএফ

