কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার(২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন প্রশাসনের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ৭টি ইউনিট কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস লিক হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
মোরশেদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্প এলাকায় ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। এলপিজি গ্যাসের মজুদ থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
আগুনের তাপ ও গ্যাস ছড়িয়ে পড়ার কারণে পাশের আদর্শগ্রাম এলাকায় অন্তত কয়েকটি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস লিক হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের আশপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে অগ্নিকাণ্ডে অনেকেই হতাহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম ও ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সকাল নিউজ/এমএম

