কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) বেলা ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। অভ্যর্থনাকালে তাঁরা সম্মানিত অতিথিদের সাথে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তারা।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রতিনিধিরা ক্যাম্পে স্থাপিত তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কভিত্তিক সংস্থা টিআইকেএ পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তারা। এসময় রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলায় মেতে উঠেন মেসুত ওজিল।
ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। সফর শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকাল নিউজ/এমএম

