ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আব্দুর রহিম ওরফে ভুট্টো (৫০) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ভুট্টো ওই ওয়ার্ডের মৃত আখতারুজ্জামান সৈয়ালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে স্থানীয় কলেরহাট রাস্তার মাথা বাজার থেকে ফেরার সময় দুর্বৃত্তরা ভুট্টোর পথরোধ করে মাদক কিনতে চায়। পরে মাদক নেই জানিয়ে ভুট্টো চিৎকার চেচামেচি করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত শুক্রবার মাদক কেনাবেচা নিয়ে স্থানীয় আমজাদ ও বেল্লাল নামের দুই যুবকের সঙ্গে ভুট্টোর ছেলে আমির হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় আমির হোসেনকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন আমজাদ ও বেল্লাল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

জানা গেছে, ভুট্টো ও তার ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসহ বেশ কয়েকবার পুলিশের হাতে ধরা পরেন তারা। ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেড়েই খুন হয়েছেন ভুট্টো।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড হয়েছে। ভুট্টোর নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version