মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় বৈদ্যুতিক তারে আটকা পড়া ঘুড়ি ছাড়াতে গিয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার জীবন বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে সিদুর ঘুড়িটি পাশের বৈদ্যুতিক তারে আটকে যায়। শিশুসুলভ সরলতায় সে একটি লোহার রড দিয়ে ঘুড়িটি নামানোর চেষ্টা করতে গিয়ে বৈদ্যুতিক তার স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিদু।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছোট্ট সিদুর এমন অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে, আর প্রতিবেশীদের চোখেও নেমে এসেছে শোকের অশ্রু।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাব এবং শিশুদের অসাবধানতাই এমন দুর্ঘটনার কারণ। বিশেষ করে তারা এ ধরনের দুর্ঘটনা রোধে বিদ্যুৎ বিভাগের নজরদারি ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সকাল নিউজ/এসএফ

