কারিগরি শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চাকরির মেলা (জব ফেয়ার) ও সেমিনার ২০২৬’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। ‘কারিগরি শিক্ষার উন্নয়ন, জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী হোসাইনুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ডি এস গ্রুপের এইচ আর হেড সুবির দাশ, সওজ-এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, পর্যটন মোটেল-এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন, লম্বুনি লিমিটেড এর ব্যবস্থাপনা ও পাবলিক রিলেশন সেলিম উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল খুঁজে পেতে এই আয়োজনকে অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেছেন। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সরকার কারিগরি শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নত বিশ্বে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হলেও আমাদের দেশে সেই সচেতনতার অভাবে আমরা কিছুটা পিছিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত কর্মসংস্থানের সুযোগ পায় এবং স্বাবলম্বী হতে পারে। আজকের এই চাকরির মেলা অনেক বেকার যুবকের কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে।’
মেলায় সিঙ্গার, ওয়ালটন, আরএফএল সহ দেশের শীর্ষস্থানীয় ১১টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে সরাসরি নিয়োগ ও তথ্য প্রদানের কাজ পরিচালনা করে।
সকাল নিউজ/এসএফ

