ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে লালমোহনে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন এবং বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে বাস- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ এবং বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন কামাল চেয়ারম্যানের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
লালমোহনে বাস-অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের শিল্পী রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশা চালক নাসিম (৪৩)। এ ছাড়াও বোরহানউদ্দিনে নিহত যুবকের নাম সোহাগ (২১)। সে ওই উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেলিম চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে গজারিয়া বাজার এলাকায় যাওয়ার সময় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক নারীসহ অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ৯ জন যাত্রী আহত হন। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে, একই সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী রাস্তার মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগের মৃত্যু হয়। সোহাগেরে মটরসাইকেটির গতি ছিলো বেপরোয়া। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাহিরে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর এক যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


