শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পঞ্চগড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার চিনিকল-ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানে রাস্তার ওপর ও অনাবৃত অবস্থায় নির্মাণ সামগ্রী সংরক্ষণ করে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
এ ছাড়া যানবাহনে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে দুটি ট্রাকের চালককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হাসান চৌধুরি, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সকাল নিউজ/এসএফ

