ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ায় লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা রুজু করেছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মিস কেস নং–১/২০২৬ রুজু করেন।

আদালত সূত্রে জানা গেছে, গেলো বুধবার (৭ জানুয়ারি) ভোলা পৌর এলাকার মোল্লাপট্টিস্থ বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জানুয়ারি সন্ধ্যায় লামিয়ার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, চিকিৎসাকালে তাকে ভুল রক্তের গ্রুপের রক্ত সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ তার রক্তের গ্রুপ ছিলো ‘ও পজিটিভ’ (ও+) কিন্তু তাকে দেওয়া হয় ‘বি পজিটিভ’ (B+) গ্রুপের রক্ত। ঘটনাটি রাতেই জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত বহন করে। বিষয়টি জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ায় তা গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে। আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবনরক্ষাকারী ওষুধের মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া একই আইনের ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়মিত পরিদর্শন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শনে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সুয়োমোটো মামলা- মূলত যখন আদালত মনে করে কোনো ঘটনা আইন, ন্যায়বিচার বা জনস্বার্থের জন্য গুরুতর, তখন আদালত স্বপ্রণোদিত মামলা করতে পারে। সুয়োমোটো মামলা হয় সাধারণত মানবাধিকার লঙ্ঘন করলে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, গুরুতর অপরাধ বা জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনায়৷ এসকল মামলায় সংবাদপত্র, টিভি বা সামাজিক মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের ভিত্তিতে দায়ের করা হয়৷

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version