ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। শিশু রোজা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মামা মনির মিয়া জানান, দুপুরে রোজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেখানে রোজার সঙ্গে একাধিক শিশু ও তার খালা ছিলেন। পরে শিশুটির মা গোসল শেষে ঘরে ফিরে আসেন। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পাশের অপর একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সকাল নিউজ/এসএফ

