হরমুজ প্রণালিতে টোল আদায়ের অভিযোগে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া তিনটি পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করছে—এমন খবর পাওয়া যাচ্ছে। তিনি ইরানকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
আরেক পোস্টে তিনি বলেন, তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরানের আচরণ ‘খুবই বাজে ও অসম্মানজনক’ এবং এটি দুই দেশের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়। শেষ পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সহযোগিতা করুক বা না-করুক, খুব শিগগিরই হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ স্বাভাবিক হবে।
এদিকে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে হবে। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালেই এটি কার্যকর থাকবে।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে।


