মার্চের ফিফা উইন্ডোতে স্পেন এবং কাতারের সঙ্গে আর্জেন্টিনার খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় বদলে গেছে দৃশ্যপট। উদ্ভুত পরিস্থিতিতে এবারের উইন্ডোতে গুয়াতেমালার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সে লক্ষ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ খেলবে আর্জেন্টিনা। এটি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাটিতে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য গতকাল (বুধবার) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। গুয়াতেমালার বিপক্ষেও যথারীতি নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।
আসন্ন বিশ্বকাপেও মেসিকে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামতে চায় আলবিসেলেস্তেরা। যদিও ৩৮ বছর পেরোনো এই মহাতারকা এখনও তার খেলার বিষয়টি নিশ্চিত করে জানাননি। আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টাইন স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। মূলত চোটের কারণে তারা মাঠের আছেন।
তবে ইনজুরিমুক্ত হয়ে উঠলেও, এখনও খেলার জন্য ফিট ঘোষিত হননি ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ।
শারীরিক জটিলতায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা লিসান্দ্রো মার্টিনেজ ও মাংসপেশির চোটে থাকা রিয়াল বেটিসের লো সেলসোর জায়গায় অন্যরা সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস।
এ ছাড়া স্কোয়াডে আছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ তারকারা। গত নভেম্বরে আর্জেন্টিনার সর্বশেষ অ্যাঙ্গোলা ম্যাচের অনুপস্থিত মার্কাস আকুনাও দলে ফিরেছেন।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিতর্কের জন্ম দেওয়া জিয়ানলুকা প্রেস্তিয়ানিকেও ডেকেছেন স্কালোনি। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ভিনি, চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তিনি নিষিদ্ধও হয়েছিলেন।
সকল নিউজ/এসএফ

