মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না। তিনি চান না ভবিষ্যতে অন্য কোনো মার্কিন সরকারকে একই সমস্যার সমাধানে আবার নতুন করে যুদ্ধ বা সামরিক অভিযান চালাতে হোক।

রোববার (৮ মার্চ) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার কয়েক ঘণ্টা আগে এ মন্তব্য করেন ট্রাম্প। মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। নতুন নেতা নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এই পদে কাউকে নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না, পাঁচ বছর পর মানুষকে আবারও একই পরিস্থিতিতে ফিরতে হোক বা একই কাজ নতুন করে করতে হোক। অথবা এর চেয়েও খারাপ কিছু ঘটুক- যেমন তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসা।’

এদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘নতুন নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের ওপর নির্ভর করে। জনগণের ভোটে নির্বাচিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে।’

ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের ফেলো বারবারা স্লাভিন আল–জাজিরাকে বলেন, ট্রাম্প এর আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নেবেন না।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version