ইরানে গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। চলমান সংঘাত তৃতীয় দিন অতিক্রম করার প্রেক্ষাপটে এই ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে লাখ লাখ মানুষ ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
নেটব্লকসের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই দেশটিতে অনলাইন যোগাযোগ ব্যবস্থায় ব্যাপকভাবে বিঘ্ন ঘটছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও স্থবির করে তুলেছে। এর আগেও বিভিন্ন সময় দেশটিতে ইন্টারনেট বন্ধ রাখার নজির রয়েছে।
বিশেষ করে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে টানা কয়েক সপ্তাহ দেশটিতে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে তেহরানে অবস্থানরত সিএনএন-এর প্রতিনিধিরা জানিয়েছেন, গত মাসের মতো এবার সম্পূর্ণ ব্ল্যাকআউট বা শতভাগ বিচ্ছিন্নতা তৈরি হয়নি; বরং কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে অনলাইন সংযোগ পাওয়া যাচ্ছে।
মূলত তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধতে না দেওয়ার কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: সিএনএন।
সকাল নিউজ/এসএফ

