যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আজ সোমবার এ কথা জানান তিনি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে তেহরান-এমন খবরের জবাবে আলি লারিজানি এ হুশিয়ারি দিলেন।
এক্সে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা কওে তিনি বলেন, ‘ট্রাম্প তার “অবাস্তব কল্পনায়” থাকেন। তিনি এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি আরও মার্কিন সেনা হতাহতের ভয়ে ভীত।’
এর আগে লারিজানি বলেছিলেন, ইরানের হামলা মধ্যপ্রাচ্যের কোনো দেশকে লক্ষ্য করে নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
গতকাল রবিবার আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর এমন শক্তিতে আঘাত হানার হুমকি দেন, যা আগে কখনো দেখা যায়নি।
এক্সে তিনি লেখেন, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা আঘাত পেয়েছে। আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব, যা তারা আগে কখনো দেখেনি।’
সকাল নিউজ/এমএম

