মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারায় (আইজেএন) ভর্তি করা হয় তাকে।
ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ হোয়াটসঅ্যাপ অ্যাপের ‘ড. এম মিডিয়া আপডেটস’ নামের সরকারি মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
সুফি ইউসুফ বলেন, ‘১০০ বছর বয়সী এই প্রবীণ সাবেক প্রধানমন্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে আইজেএনে নেওয়া হয়।’
তিনি বলেন, আজ ভোড়ে বাসায় পড়ে যান তিনি। সাধারণত এ ধরনের ঘটনায় হাসপাতালে এনে আরও পর্যবেক্ষণ প্রয়োজন হয়। জানা গেছে, বাসার বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।
মাহাথিরের প্রেস সচিব আরও জানান, আইজেএনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ড. মাহাথিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তির কারণে আইজেএনে চিকিৎসাধীন ছিলেন।
সকাল নিউজ/ এমআর


