ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো নিউইয়র্কের আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় গতকাল সোমবার (৫ জানুয়ারি) আদালতে মাদুরো বলেন, তিনি নির্দোষ, তিনি দোষী নন, তিনি এখনো দেশের প্রেসিডেন্ট। এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডেল্টা ফোর্সেও সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না। তবে ভবিষ্যতে চাইবেন। আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৭ মার্চ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল আদালতের ভেতর একজন স্প্যানিশ ভাষায় মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে।’ ওই সময় মাদুরো জবাব দেন, ‘আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দি।’
সকাল নিউজ/এমএম

