প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য বিকৃতির অভিযোগে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার একটি আদালতের নথি অনুযায়ী, মানহানির পাশাপাশি বাণিজ্যিক আচরণসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। যদিও মামলার বিষয়ে এখনো বিবিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেওয়া ভাষণ একটি প্রামাণ্যচিত্রে ব্যবহার করে বিবিসি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ওই বক্তব্যের কিছু অংশ সম্পাদনা করে ভুল বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে গত মাসে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক (ডিজি) টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবোরাহ টারনেস।
পরে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে গণমাধ্যমটির পক্ষ থেকে দাবি করা হয়, এখানে মানহানির কোনো ‘যৌক্তিক ভিত্তি’ নেই।
ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষমূলক ও প্রতারণামূলকভাবে ট্রম্পের ভাষণ বিকৃত করে উপস্থাপন করেছে। আর বিবিসির দাবি, কেবল এর ভিত্তিতে মানহানির মামলা করার কোনো যুক্তিসংগত কারণ নেই।
সকাল নিউজ/এসএফ


