জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।
সংবাদ সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এ ভূমিকম্পের খবরে জানিয়েছে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারসহ বিভিন্ন স্থানের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এ ভূমিকম্পের ফলে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।
জেএমএ বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)। যদিও প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল।
জানা যায়, এ ভূমিকম্পের পর বহু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। আবার কেউ কেউ ভূমিকম্পের সময় তাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
এদিকে, পূর্ব জাপান রেলওয়ে ওই অঞ্চলে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে, যেখানে ২০১১ সালের মার্চ মাসে ৯ মাত্রার বিশাল ভূমিকম্প আঘাত হানে।
সকাল নিউজ/এসএফ


