রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।

গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চার শিশু, বুধবার (৮ এপ্রিল) তিন শিশু, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশু, সোমবার (৬ এপ্রিল) দুই শিশু, রোববার (৫ এপ্রিল) দুই শিশু, শনিবার (৪ এপ্রিল) তিন শিশু এবং শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় অংশই শিশু, যারা তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। দেরি হলে জটিলতা বাড়ে এবং মৃত্যুঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version