‘ধুরন্ধর’ মুক্তির পরেই আয়েশা খান ‘শরারত গার্ল’-এর তকমা পেয়েছেন। ওই একটি গান তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এখানেই নাকি সমস্যা! আয়েশা খানের অভিযোগ, প্রায় প্রতি দিনই তিনি নাকি ধর্ষণের হুমকি পাচ্ছেন!
ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সংবাদমাধ্যমে তাঁর উপস্থিতি। অনুরাগীরা তার কাজের অভিজ্ঞতা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। একাধিক সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে তখনই উঠে এসেছে বিষয়টি। আয়েশা দাবি করেছেন, দীর্ঘ দিন ধরে তিনি এই ধরনের হুমকিবার্তা পাচ্ছেন।
তার অভিযোগ, প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এমন অসংখ্য হুমকিবার্তা তার চোখে পড়ে। এরইমধ্যে আয়েশা একাধিক সংবাদ মাধ্যমে তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন জানান, দীর্ঘ সময় ধরেই তাকে টার্গেট করে এই ধরনের কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।
আয়েশা বলেন, ‘সেদিন একটি ছবির শুটিং চলছিল। সেটে আমার বাবাও উপস্থিত ছিলেন। শুটিংয়ের বিরতিতে বাবার পাশেই বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখলাম, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন।’
‘সেখানে একাধিক ‘ভয়েস নোট’ও ছিল। সেটি চেক করতেই আমি স্তব্ধ হয়ে যাই; আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল।’ অভিনেত্রীর দাবি, বিষয়টি এখন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত রুটিনে পরিণত হয়েছে।
তার কথায়, ‘প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এই একই বিষয়ে প্রশ্ন করা হয় এবং আলোচনা হয়। এর বেশি কিছু আর হচ্ছে না। কোনো প্রতিকার না পেয়ে ধীরে ধীরে আমি এই পরিস্থিতির সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছি।’
সকাল নিউজ/এসএফ


