কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে নওগাঁর ধামইরহাটের এক কসাইয়ের বিরুদ্ধে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভি। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।
এদিন সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শতশত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।
এ বিষয়ে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জনান, প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। সেগুলো অপসারণ করা হচ্ছে। কসাই এনতাজুল ও সহযোগী দুলু পালিয়ে গেছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মাংসগুলো জব্দ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মাংস কুকুরের বলে নিশ্চিত হওয়া গেছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সকাল নিউজ/এসএফ

