লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী-পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন তার বিক্ষুব্ধ সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী শিহাব আহমেদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়, তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় শিহাব আহমেদসহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এ খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং হামলার বিচার দাবি করেন।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। উদ্ভুত পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষে বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু জোড়া পুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। মাঠের পরিস্থিতি যদি এমন অস্থিতিশীল হয়, তবে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস হারাবেন। এ অবস্থায় আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে আমি গভীর শঙ্কা প্রকাশ করছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে হাজির হয় এবং প্রার্থীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি তার উত্তেজিত সমর্থকদের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ওসি আরো জানান, তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সকাল নিউজ/এসএফ


