নতুন বছরের শুরুতেই প্রকাশ পায় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভনীত ‘দুর্বার’ সিনেমার পোস্টার। এর পরই সেটি টালিউডের ‘পরিণীতা’ সিনেমার পোস্টারের নকল বলে অভিযোগ তোলেন টিজেনরা। তাদের তোপের মুখে পোস্টের কিছুক্ষণ পরই পোস্টারটি সরিয়ে নেন অপু। তবুও থামেনি সমালোচনা।
নেটিজেনরা ‘দুর্বার’র পরপর প্রকাশিত কিছু পোস্টারের সঙ্গে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মিল খুঁজে পান। একের পর এক নকলের অভিযোগের মুখে নতুন সিনেমা ‘দুর্বার’র পোস্টার নিয়ে অবশেষে মুখ খুলেছেন সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ।
এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, ‘শাহরুখ খান সেলফি তোলে, আমরাও সেলফি তুলি। তাহলে কি আমরা শাহরুখকে নকল করেছি? আমার সিনেমার পোস্টারে কোনো কিছুই নকল নয়। গল্পের প্রয়োজনে সব করেছি।’
ফুয়াদ আরও বলেন, ‘শাকিব খানের “বরবাদ”র সঙ্গে মিলের অভিযোগ হচ্ছে। আসলে ওই সিনেমার সঙ্গে আমাদের ছবির যোগসূত্র আছে। ট্রেলার প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে।’
সিনেমার সবশেষ কাজ সম্পর্কে এ নির্মাতা বলেন, ‘সিনেমার অধিকাংশ কাজ শেষ। সম্পাদনার কাজ চলছে। সামনের মাসে দেশের বাইরে কিছু দৃশ্যধারণের পরিকল্পনা আছে। সেগুলো শেষ হলেই সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক হলে গিয়ে বুঝতে পারবেন গল্প আসল নাকি নকল।’
অপুর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি হলো ‘ট্র্যাপ’ এবং ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী আর ‘ছায়াবৃক্ষ’-এ নিরব হোসাইন।
সকাল নিউজ/এসএফ


