নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানী ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে স্মরণোৎসব আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল ও ঢাকা থিয়েটার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় সাজানা হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন।
উৎসবের প্রথম দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে নাট্যাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
আসরে স্বপ্নদলের অংশ হিসেবে প্রদর্শিত হবে জাহিদ রিপন নির্দেশিত দুটি নাটক- ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’। এর বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ‘চিত্রাঙ্গদা’ নাটকটি সেলিম আল দীনের পরামর্শ অনুযায়ী নির্মিত হয়েছিল। আর সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘হরগজ’ নাটকের ৫০তম প্রদর্শনী।
অন্যদিকে, ঢাকা থিয়েটারও তিন দিনব্যাপি নানা আয়োজন করেছে। এতে রয়েছে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার এবং তার রচিত বিভিন্ন নাটকের মঞ্চায়ন।
এর মধ্যে রয়েছে অনিক ইসলাম নির্দেশিত নাটক ‘দেয়াল’, নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘নিমজ্জন’ ও ফারুক আহমেদ নির্দেশিত ‘রঙমহাল’-এর প্রদর্শনী।
সকাল নিউজ/এসএফ


